প্রধানমন্ত্রী যাবেন বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা থেকে গাজীপুর যাওয়া-আসাকে কেন্দ্র করে দুটি মহাসড়ক ও একটি সড়কে আজ বুধবার কয়েক ঘণ্টা যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ।
গাজীপুরের কাশিমপুরের সারাবোর তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ঢাকা থেকে সড়কপথে সেখানে যান তিনি। উদ্বোধন শেষে আবার ঢাকায় ফেরেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য, প্রধানমন্ত্রীর চলাচলকে কেন্দ্র করে আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক, আবদুল্লাহপুর থেকে বাইপাইল টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর থেকে বিকেএসপি পর্যন্ত নবীনগর-কালিয়াকৈর সড়কে এই অচলাবস্থা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, প্রধানমন্ত্রীর গাজীপুরে আসাকে কেন্দ্র করে সকাল নয়টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রথম দফায় এই মহাসড়ক ও সড়ক তিনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর তা সাময়িকভাবে খুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরা উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে এসব মহাসড়ক ও সড়ক আবার বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর দুপুর একটার দিকে মহাসড়ক-সড়কগুলো খুলে দেওয়া হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্য, দুটি মহাসড়ক ও একটি সড়ক বন্ধ করে দেওয়ায় শত শত যানবাহন আটকা পড়ে। এতে বাদ যায়নি রোগীবাহী অ্যাম্বুলেন্সও। এ সময় গাড়িতে অসহায়ভাবে বসে থাকেন যাত্রীরা।
সাভার স্মৃতিসৌধের সামনে আটকে পড়া একটি বাসের চালক লিয়াকত হোসেন বলেন, বসে থাকতে থাকতে আজ সড়কেই সব সময় চলে গেল।
শাহ আলম নামের যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগেভাগে জানাইলে আমরা ভোগান্তিতে পড়তাম না।’
নাম প্রকাশ না করে একজন সরকারি কর্মকর্তা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী আকাশপথে চলাচল করলে এত মানুষকে কষ্ট পেতে হতো না।
মহাসড়ক ও সড়কে দায়িত্ব পালনরত পুলিশের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।