প্রধানমন্ত্রী যুক্তরাজ্য যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। খবর বাসসের।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। প্রধানমন্ত্রীর কাল বুধবার সকালে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তাঁকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এম সায়েদুর রহমান খান অভ্যর্থনা জানাবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবারই হাউস অব কমন্সের এক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি ২৯ জানুয়ারি হোটেল হিল্টনে স্থানীয় আওয়ামী লীগের এক কাউন্সিল সভায় যোগ দেবেন। প্রবাসী বাংলাদেশিরা সেখানে বিকেলে তাঁর সম্মানে এক সংবর্ধনার আয়োজন করবে।২৮ জানুয়ারি আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) মহাসচিব ইফথিমিয়স মিট্রোপোলস শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল সুইটে সাক্ষাৎ করবেন। একই দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিবিসি, ডেইলি টেলিগ্রাফ ও এথনিক বাংলা মিডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে।