প্রধানমন্ত্রী রাঙামাটি যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাঙামাটি সফরে আসছেন। সফরকালে তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।এ ছাড়া, তিনি রাঙামাটি শহরের আমানতভাগ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি মেডিকেল কলেজসহ নয়টি প্রতিষ্ঠান ও সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর আগে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে দেখার জন্য তিনি সাজেক ও কেওক্রাডং পরিদর্শন করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।মহাজোট সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি দ্বিতীয় সফর। এর আগে গত বছরের ১৭ নভেম্বর তিনি পার্বত্য বান্দরবান জেলা সফর করেন। এদিকে পার্বত্য চট্টগ্রামের মানুষের আশা, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে পার্বত্য চুক্তি বাস্তবায়নের স্থবিরতা দূর হয়ে আশার আলো দেখা দেবে।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ব্যাপারে আমাদের আস্থা রয়েছে। আমরা পার্বত্য চুক্তি স্বাক্ষরে তাঁর যে দৃঢ়তা দেখেছি, সেভাবে তিনি আন্তরিক হলে চুক্তি বাস্তবায়নে যে স্থবিরতার সৃষ্টি হয়েছে, তা কেটে যাবে।’পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, ‘আমরা পার্বত্য চুক্তি বাস্তবায়নের আশ্বাস নয়, প্রকৃত কার্যক্রম দেখতে চাই।’