প্রধানমন্ত্রী রাশিয়ায় পৌঁছেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া, বেলজিয়াম ও জাপানে তাঁর ১২ দিনের সফরের প্রথম পর্যায়ে গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ‘টাইগার ন্যাচারাল হ্যাবিটেট’ সম্মেলনের আয়োজকেরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। খবর বাসসের। পরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে অতিথি ভবনে (কটেজ) নিয়ে যাওয়া হয়।প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার রাশিয়ায় বৈশ্বিক ‘টাইগার ন্যাচারাল হ্যাবিটেট’ সম্মেলনের উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন এবং রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। তিনি আজ স্থানীয় সময় বিকেল সোয়া তিনটায় বাঘ সম্মেলনে ভাষণ দেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী পুতিনের দেওয়া ওয়ার্কিং লাঞ্চেও যোগ দেবেন।প্রধানমন্ত্রী এর আগে গত রোববার রাতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং গতকাল সকাল সাতটা পাঁচ মিনিটে (লন্ডনের স্থানীয় সময়) লন্ডনে পৌঁছান। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এম সাইদুর রহমান খান এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা লন্ডন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।২৮ নভেম্বর প্রধানমন্ত্রী জাপান সফর শুরু করবেন। তিনি ২৯ নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে বৈঠক এবং সম্রাট আকিহিতোর সঙ্গে দেখা করবেন।