প্রধানমন্ত্রী রেল আনেন, বিরোধীদলীয় নেতা পোড়ান: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মজিবুল হক অভিযোগ করে বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সেবা দিতে রেলওয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী রেল আনছেন, আর বিরোধী দলের নেত্রী রেল পোড়াচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলস্টেশনে রেলের নতুন ১১টি ইঞ্জিন ও ৮১টি ট্যাঙ্ক ওয়াগনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী এ কথা বলেন।
মজিবুল হক বলেন, বর্তমান সরকারের রেলের উন্নয়নের ধারাবাহিকতায় আজ একটি সংযোজন মাত্র। এ সময় তিনি রেলের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, বর্তমান সরকারের আমলেই রেলের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। জনগণকে রেলের সেবা দেওয়ার জন্য ১৮ হাজার ৩১০ কোটি টাকা ব্যয়ে ৩৮টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশই বাস্তবায়ন হয়েছে। কিছু বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
মন্ত্রী বলেন, আজ ১১টি ইঞ্জিন উদ্বোধন করা হয়েছে। প্রতি মাসে দুটি করে আরও ১৬টি ইঞ্জিন যুক্ত হবে। বিভিন্ন জায়গায় ডেমু ট্রেন সংযোজন করা হয়েছে। অনেক জায়গায় রেলপথ সংযোজন করা হয়েছে, অনেক স্থানে রেলপথের সংস্কার করা হয়েছে।
রেলমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার যখন রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে, তখনই একটি মহল রেলের ধ্বংসে মেতে উঠেছে। বর্তমান প্রধানমন্ত্রী যখন মানুষের সেবায় বিদেশ থেকে ইঞ্জিন ও বগি এনে রেলে সংযোজন এবং রেলপথের উন্নয়ন করছেন, তখনই বিরোধীদলীয় নেতা রেলপথ ধ্বংসে মেতে উঠেছেন। তিনি জামায়াত-শিবিরকে উসকানি দিয়ে রেলের ইঞ্জিন ও বগি ধ্বংস করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী রেল আনছেন, আর বিরোধী দলের নেতা রেল পোড়াচ্ছেন।’
বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, অতীতে সাধারণ মানুষের প্রয়োজন উপেক্ষা করে রেলওয়েকে ছুড়ে ফেলা হয়। কিন্তু বর্তমান সরকার জনগণের প্রয়োজনের কথা ভেবে আলাদা মন্ত্রণালয় গঠন করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, যখন রেলওয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল নানাভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, জামায়াত-শিবির চক্র, যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই দেশের সম্পদ নষ্ট করছে। তারা দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে এবং উন্নয়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসব ধ্বংসাত্মক কাজ চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
রেল মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মতিউর রহমান, সাংসদ শাহ আলম, সাংসদ মাজহারুল হক, রেলের মহাপরিচালক আবু তাহের, ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জীব চক্রবর্তী, জাইকার বাংলাদেশ প্রধান তাকাও তোদা প্রমুখ।
জাইকার অর্থায়নে ৪৮০ কোটি টাকা ব্যয়ে ১১টি মিটার গেজ ইঞ্জিন (লোকোমোটিভ) এবং ভারতের অর্থায়নে (ইন্ডিয়ান লাইন অব ক্রেডিট) ৭৭০ কোটি টাকা ব্যায়ে ৮১টি ট্যাঙ্ক ওয়াগন ও তিনটি ব্রেক ভ্যান সংযোজন করা হচ্ছে রেলওয়েতে।