প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই সফর ঘিরে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের বলেন, প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল গতকাল সোমবার দুপুরে শহরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর কাছে লক্ষ্মীপুর-চৌমুহনী সড়ককে চার লেনে রূপান্তর করা, চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা ঘোষণা করাসহ বেশ কয়েকটি দাবি জানানো হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বলেন, জনসভায় লক্ষ্মীপুরের মানুষের ন্যায়সংগত দাবি পূরণের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।
জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক বলেন, জনসভা সফল করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কয়েক দিন ধরে পরিশ্রম করে চলেছেন।