প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে লন্ডন পৌঁছেছেন। তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় বিকেল চারটায় লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে। লন্ডন থেকে প্রধানমন্ত্রী বুলগেরিয়া যাবেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সেন্ট জেমস কোর্ট-তাজ হোটেলে নিয়ে যাওয়ার কথা। সেখানেই তিনি অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী লন্ডন থেকে বুধবার স্থানীয় সময় সকাল আটটার দিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন। সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বেলা সোয়া একটায় তাঁর ফ্লাইটটি অবতরণের কথা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, অভ্যর্থনা জানানোর পর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ হোটেল মারিনেলা সোফিয়ায় নিয়ে যাওয়া হবে।
প্রধানমন্ত্রী বুধবার বিকেলে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। অন্যান্যের মধ্যে বুলগেরিয়ার উপপ্রধানমন্ত্রী এবং শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রী ইভাইলো কালফিনসহ কয়েকজন মন্ত্রী, ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা এবং বুলগেরিয়ার পার্লামেন্টের চেয়ার উইমেন সেটস্কা সাচিভা অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০ মে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং তাঁরা যৌথ বিবৃতি দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্র্যান্ড হোটেল সোফিয়ায় ইউনেসকোর মহাপরিচালক এবং সিমেন্সের সিইও বরিয়ানা মানোলোভা আয়োজিত এক নৈশভোজেও যোগ দেবেন।
২১ মে সকাল সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।