প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফর শেষে গতকাল সোমবার নিউইয়র্ক থেকে বিমানে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছেন। তাঁকে বহন করা ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাতটা ১৫ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসসের।
প্রধানমন্ত্রী লন্ডনে দুই দিন অবস্থানের পর ২ অক্টোবর বৃহস্পতিবার দেশে ফিরবেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
শেখ হাসিনা জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান। ২৭ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেন। তিনি অন্য বিশ্বনেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। তিনি জাতিসংঘের মহাসচিব বান কি মুনের দেওয়া মধ্যাহ্নভোজেও অংশ নেন।
এর আগে শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন ২০১৪-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন। নতুন বাণিজ্যিক অংশীদারি প্রতিষ্ঠার মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে তিনি তাঁদের সহায়তা কামনা করেন।