প্রধানমন্ত্রী শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার গোপালগঞ্জ সফরে আসছেন। তিনি কয়েকটি উন্নয়নমূলক কাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-২ এসএম খুরশিদ-উল-আলম এক ফ্যাক্স বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। সাড়ে ১০টার দিকে সড়ক পথে গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী। সেখানে ১৭৮ কোটি টাকায় নির্মিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, মধুমতি নদীর ওপর প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাপাইল সেতু, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্স ও জাতীয় মহিলা সংস্থার ভবন উদ্বোধন করবেন।
এরপর প্রধানমন্ত্রী গোপালগঞ্জে শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০ কিলোওয়াট এফএম রেডিও স্টেশন, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদরের গোবরা পর্যন্ত প্রায় ৩৩ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
বিকেল পৌনে তিনটার দিকে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ওই উপজেলার একশটি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
গোপালগঞ্জের পুলিশ সুপার এসএম এমরান হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শনিবার গোপালগঞ্জ সফরে আসছেন। তাদের আগমন উপলক্ষে জেলাব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।