প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আগরতলা যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় যাচ্ছেন। দুই দিনের এই সফরের সময় তিনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দেওয়া সম্মানসূচক ডি-লিট ডিগ্রি গ্রহণ করবেন।শেখ হাসিনা ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, ত্রিপুরার গভর্নর যশবন্ত রাও পাতিল, মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেন্দ্রীয় মানবসম্পদমন্ত্রী কপিল সিবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে সম্মানসূচক ‘ডি-লিট’ উপাধি তুলে দেবেন ভারতের উপরাষ্ট্রপতি। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর ভারতের কেন্দ্রীয় সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়টি এই প্রথম কোনো সরকারপ্রধানকে সম্মানসূচক ডিগ্রিটি দিচ্ছে।প্রধানমন্ত্রীর ৬৮ জন সফরসঙ্গীর মধ্যে আছেন তাঁর বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দীন।