প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ফরিদপুর যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ফরিদপুর আসছেন। ২০০৯ সালে দ্বিতীয় দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি ফরিদপুরে আসছেন। এ উপলক্ষে ফরিদপুর সেজেছে নতুন সাজে।
সর্বত্র পরিলক্ষিত হচ্ছে উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজ।
ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বদরপুরে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ির সামনে থেকে শুরু করে সিঅ্যান্ডবি ঘাট এবং হাড়োকান্দির নদী গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে গোয়ালচামটের ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত আট কিলোমিটার সড়কের দুই পাশে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী আজ প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। নামাজ ও মধ্যাহ্নবিরতি শেষে তিনি বেলা পৌনে তিনটায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ২০টি নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন এবং ১২টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা তিনটায় প্রধানমন্ত্রীর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। বিকেল সাড়ে চারটায় তিনি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ফরিদপুর ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নবিরতি করবেন। প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ। এ বাড়িতে প্রধানমন্ত্রীকে মাছ, ভাত ও ডাল দিয়ে আপ্যায়ন করানো হবে। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক সরকারি কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর খাবার তালিকায় মুরগির কোরমার পাশাপাশি খাসি ও গরুর মাংস থাকবে। মাছের মধ্যে সরষে ইলিশ, রুই মাছের কালিয়া, চিতল মাছের কোপ্তাসহ রোয়াল, কই, শিং, আইড়, চিংড়ি ও কাঁচকি মাছের চচ্চড়ি পরিবেশন করা হবে। এ ছাড়া কয়েক ধরনের ভর্তা, সবজি, দই, পায়েসও রয়েছে খাবারের তালিকায়।
সায়মা ওয়াজেদের চাচাশ্বশুর ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে আসছেন। তাঁর মেয়ে মায়ের আপ্যায়ন ও যত্নের ব্যাপারে কোনো ত্রুটি রাখবেন না।
সফরকালে প্রধানমন্ত্রী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় নির্মাণ প্রকল্প, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্প, পল্লিকবি জসীমউদ্দীন সংগ্রহশালা নির্মাণ প্রকল্প, ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নির্মাণ প্রকল্প, শিশু একাডেমী নির্মাণ প্রকল্পসহ ২০টি নির্মাণ প্রকল্পের ফলক উদ্বোধন করবেন। এ ছাড়া কুমার নদ পুনঃখনন প্রকল্প, পুলিশ হাসপাতাল নির্মাণ প্রকল্প, ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় নির্মাণ প্রকল্প, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ প্রকল্পসহ ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী আজ ঢাকা থেকে হেলিকপ্টারে করে বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন।