প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আজ কুয়েত যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ রোববার কুয়েত যাচ্ছেন। কুয়েতের আমির সাবাহ চতুর্থ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর পাঠানো বিশেষ বিমানে কুয়েত সিটির উদ্দেশে তিনি বেলা দুইটায় ঢাকা ছাড়বেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল সোমবার কুয়েতের আমিরের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকটি হবে। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে বিশেষ করে পদ্মা সেতু ও ঢাকার উড়াল সেতুর মতো বড় প্রকল্পে আর্থিক সহায়তা বাড়ানো, জনশক্তির বাজার পুনরায় সক্রিয় করা এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। কুয়েত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন।বনভোজনে শেখ হাসিনা: বাসস ও ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার তাঁর ব্যস্ততার মধ্যেও বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের বনভোজন ২০১০-এ অংশ নেন। সাভার মিলিটারি ফার্মে অনুষ্ঠিত বনভোজনে এ ছাড়াও অংশ নেন প্রধানমন্ত্রীর বোন ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রিসভার সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা।