প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দেশ সফরে আজ ঢাকা ছাড়ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ ও এশিয়ার তিনটি দেশে ১১ দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (রোববার) সকালে মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়ছেন। এ সময়ে তিনি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্ব বাঘবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এ ছাড়া জাপানে রাষ্ট্রীয় সফর ও বেলজিয়ামে ব্যক্তিগত সফর করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী ২২ ও ২৩ নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় বিশ্ব বাঘ সম্মেলনে যোগ দেবেন। বিলুপ্তির হাত থেকে বিপন্ন প্রাণী বাঘ রক্ষার প্রয়াসের অংশ হিসেবে এ সভার যৌথ আয়োজক বিশ্বব্যাংক ও রুশ সরকার। এ সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। রাশিয়ায় প্রধানমন্ত্রীর ৪১ জন সফরসঙ্গীর মধ্যে আরও থাকছেন তাঁর বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি তিনটি সফরেই থাকছেন।রাশিয়া থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ নভেম্বর বেলজিয়াম পৌঁছাবেন। ব্রাসেলসে তিন দিন অবস্থানের সময় তাঁর প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একাধিক সভায় যোগ দেওয়ার কথা। বেলজিয়াম সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাওয়া ৩১ জনের মধ্যে আছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী ব্রাসেলস থেকে দ্বিপক্ষীয় সফরে টোকিও যাবেন। পাঁচ দিনের জাপান সফরে তিনি সে দেশের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া থাকবে সম্রাট আকিহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। হিরোশিমার পিস পার্কের এক সমাবেশে বক্তৃতা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে তাঁর ব্যবসায়ীদের একাধিক সমাবেশে যোগ দেওয়ার কথা। জাপান সফরের সময় প্রধানমন্ত্রী টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।জাপানে প্রধানমন্ত্রীর ৫৬ জন সফরসঙ্গীর তালিকায় থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা মশিউর রহমান, আলাউদ্দিন আহমেদ প্রমুখ।ত্রিদেশীয় সফর শেষে প্রধানমন্ত্রীর আগামী ২ ডিসেম্বর ঢাকা ফেরার কথা।