প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেশাজীবীদের সঙ্গে ইফতার করলেন
পেশাজীবীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনের আঙিনায় শিক্ষক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিদের সম্মানে ইফতারের আয়োজন করেন।ইফতার শুরুর আগে ও পরে প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও দেশের জনগণের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাত বরণকারী এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে বসে ইফতার করেন জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় আগত অতিথিদের সঙ্গে ইফতার করেন।ইফতার পার্টিতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের মধ্যে অংশ নেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, আইনজ্ঞ এম জহির, শিল্পী মুস্তাফা মনোয়ার, প্রবীণ সাংবাদিক এ বি এম মুসা, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার, আয়েশা খানম, সাবিনা ইয়াসমীন, নাসির উদ্দীন ইউসুফ, মহাদেব সাহা, ইনডিপেনডেন্ট-এর সম্পাদক মাহবুবুল আলম, সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের শাইখ সিরাজ, এটিএন বাংলার মাহফুজুর রহমান, ইকবাল সোবহান চৌধুরী, ব্যবসায়ী নেতা আনিসুল হক প্রমুখ। ইফতার শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।