পৌরসভা নির্বাচনে সম্ভাবনাময় মেয়র প্রার্থী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকেরা বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে গণভবনে এ বৈঠক হয়। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে সাত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সম্ভাবনাময় মেয়র প্রার্থীদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। তৃণমূলের ভোট এবং নেতা-কর্মীদের জনপ্রিয়তার নিরিখে সাংগঠনিক সম্পাদকেরা এ তালিকা তৈরি করেন বলে জানা গেছে। আগামী দু-এক দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় জ্যেষ্ঠ নেতা এবং তাঁর রাজনৈতিক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে প্রার্থী চূড়ান্ত করবেন। বৈঠক সূত্র জানায়, গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মহাজোটের শরিকদের নিয়ে প্রার্থী সমন্বয় করার ব্যাপারে আলোচনা হয়। আজ শুক্রবার ১৪ দল এবং জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হবে। মহাজোটের শরিকদের ভালো প্রার্থী থাকলে সংশ্লিষ্ট পৌরসভা থেকে দলীয় প্রার্থী প্রত্যাহার করা হবে বলে শেখ হাসিনা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, পৌরসভায় প্রার্থী সমর্থনের বিষয়টি মহাজোটের সঙ্গে আলোচনা করে ঐক্যবদ্ধভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।বৈঠকে সাংগঠনিক সম্পাদকদের মধ্যে জাহাঙ্গীর কবীর নানক, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মেজবাহউদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ ও খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।