বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ এম কে আনোয়ার বলেছেন, সংলাপ নিয়ে প্রধানমন্ত্রী সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। প্রধানমন্ত্রী বিএনপির সঙ্গে যেকোনো জায়গায় আলোচনার কথা বলেছেন; কিন্তু এখন আলোচনা চান না। এতে প্রমাণ হয়, সরকার যেকোনো উপায়ে ক্ষমতায় থেকে যেতে চায়। গতকাল শনিবার সকালে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন নিজের বাসভবন চত্বরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার ওই সব কথা বলেন।এম কে আনোয়ার বলেন, অর্থ ও ক্ষমতার লোভ সরকারকে পেয়ে বসেছে। সরকার দেশে সর্বগ্রাসী সংকট সৃষ্টি করেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট নির্বাচনে যাবে না। তাই আওয়ামী লীগ সরকারকে জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ৮২ বছর বয়সী এই নেতা তাঁর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘আমার দীর্ঘ জীবনে একমাত্র স্বাধীনতাযুদ্ধের সময় ছাড়া বর্তমান সময়ের মতো সংকট দেশে আর দেখিনি। সংকটের সমাধান চাইলে সংলাপের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পদ্ধতি মেনে নিতে হবে। জনগণের মতামত অগ্রাহ্য করে যে পদ্ধতিতে সরকার নির্বাচন করতে চাচ্ছে, সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।