প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের উসকে দিয়েছেন: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আত্মরক্ষার অধিকারের কথা বলে দলীয় সন্ত্রাসীদের উসকে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জন্য একদিন তাঁকে জবাবদিহি করতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঢাকা মহানগর আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত যুব জাগপার নেতা মাসুদ রায়হান স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা অবশ্যই নিন্দনীয়। এ জন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ওই হামলার পর অনেক নিরীহ মানুষকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, একদিন মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আর আজ জাতির জন্য দুঃখের বিষয় হলো, সেই আওয়ামী লীগের হাতে গণতন্ত্র ধ্বংস হতে যাচ্ছে।
মির্জা ফখরুল টেলিভিশনের কোনো কোনো ‘টক শোর’ সমালোচনা করেন। তিনি বলেন, অনেকে টক শোতে এসে বিএনপিকে জ্ঞান দেন। অথচ তাঁরা বলেন না আওয়ামী লীগ জাতীর সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে ক্ষমতায় এসেছে।
স্মরণসভায় জাগপার কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা বক্তব্য দেন।
এদিকে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ একটি বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভর করে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, জনগণের সমর্থন না থাকলে কোনো সরকার বেশি দিন টিকতে পারেনি, এই সরকারও পারবে না।
এ সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী।