প্রধানমন্ত্রী সমঝোতার পথ বন্ধ করে দিয়েছেন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন নিয়ে মানুষ উদ্বিগ্ন ছিল। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী সচিবদের বৈঠকে যে বক্তব্য দিয়েছেন, তাতে এ উদ্বেগ ও হতাশা আরও বেড়েছে। প্রধানমন্ত্রী সংলাপ ও সমঝোতার পথ বন্ধ করে দিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগে ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ নীলনকশা করে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। তার প্রমাণ প্রধানমন্ত্রীর বক্তব্য। তিনি বলেন, ‘অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, ১৮-দলীয় জোট এ ব্যবস্থা মেনে নেবে না। নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। তা না হলে কোনো নির্বাচনে ১৮ দল অংশ নেবে না।’ তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে লুকোচুরি খেলছে। কোনো দেশেই একটি সংসদ রেখে আরেকটি সংসদ নির্বাচন হওয়ার নজির নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকার যেভাবে নির্বাচন করতে চাইছে, জনগণ তা মেনে নেবে না। জনগণ এ ব্যবস্থার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। আন্দোলন কর্মসূচি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের কৌশলে আন্দোলন করছি।’
মানবতাবিরোধী অপরাধীদের ভোটার না রাখার বিধান বাতিলের দাবি: ভোটার থাকতে পারবেন না—এমন বিধানসংবলিত ভোটার তালিকা (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ মানবাধিকারের বিরুদ্ধে। কারণ, এখনো ওই সব মামলা পুরোপুরি নিষ্পত্তি হয়নি। আপিল বিভাগে বিচারাধীন আছে। এমন অবস্থায় এ ধরনের বিধান আইনের পরিপন্থী। তিনি এটি বাতিল করার দাবি জানান।
‘তারেক স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক’: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্রের সংগ্রামের প্রতীক’ বলে আখ্যায়িত করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে তারেক রহমান ব্যতিক্রমী রাজনীতিক। গতকাল পৃথক এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তারেক রহমানের ‘কারামুক্তি’ দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে তারেক রহমানকে নিয়ে সম্পাদিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।