প্রধানমন্ত্রী সিডিএর ছয় প্রকল্প উদ্বোধন করবেন শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ছয়টি প্রকল্প উদ্বোধন করবেন। এর মধ্যে তিনটি প্রকল্পের কাজ শেষ হয়েছে। নির্মাণকাজ শুরু হবে দুটির। আর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে একটি প্রকল্পের। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। সিডিএর বোর্ড সদস্য হাসান মুরাদ, আ ম ম টিপু সুলতান ও জসিম উদ্দিন, সিডিএর সচিব তাহেরা ফেরদৌস ও উপসচিব অমল গুহ এ সময় উপস্থিত ছিলেন।
সিডিএ চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কদমতলী উড়ালসড়ক, ৪৫ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ (অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করবেন। এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। এ ছাড়া ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম আউটার রিং রোড এবং ১৭২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ঢাকা ট্রাংক রোড ও ডায়েরি সড়কের মধ্যে লুপ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করবেন। আর ২ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ভিত্তিপ্রস্তর করবেন।
সিডিএ চেয়ারম্যান আরও বলেন, চট্টগ্রামবাসী একসঙ্গে এত উন্নয়ন আগে কখনো দেখেনি। বিগত বছরগুলোতে একদিনের জন্যও চট্টগ্রামের উন্নয়ন বন্ধ ছিল না। একটি প্রকল্প শেষ হওয়ার আগেই আরেকটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, নগর মহাপরিকল্পনা অনুসরণ করে এসব প্রকল্প নেওয়া হয়েছে।