বিডিআর বিদ্রোহের পেছনে খালেদা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি

বিডিআর বিদ্রোহের ঘটনার পেছনে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাত আছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিডিআর বিদ্রোহের বিচার করছে। তিনি উপস্থিত জনতা ও সাংবাদিকদের কাছে ওই মামলার আসামিপক্ষের উকিল হিসেবে কারা আছে তার খোঁজ নিতে বলেন। প্রধানমন্ত্রী দাবি করেন, আসামিপক্ষের উকিল হিসেবে বিএনপির আইনজীবীরা বিনা পয়সায় লড়ছেন। কার ও কোন স্বার্থে তাঁরা এমনটা করছেন, সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নৌকা ডুবে না। বারবার জেগে ওঠে। নৌকা মার্কাকে জনগণের মার্কা উল্লেখ করে তিনি বলেন, ঝড়ঝাপটা হলেও নৌকা তীরে ভিড়বেই। জনগণ দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের ক্ষমতায় দেখতে চায় না বলে তিনি মন্তব্য করেন।
এর আগে প্রধানমন্ত্রী আজ সকাল পৌনে ১০টার দিকে বিমানবাহিনীর এক ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁকে স্বাগত জানান সিলেট আওয়ামী লীগের নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা। ওসমানী বিমানবন্দর থেকে তিনি হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারতে যান। তারপর তিনি হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর তৃতীয়বারের মতো আজ সিলেট সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর এ সফরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রী আজ সাতটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা। উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন শেষে বিকেলে জেলার গোলাপগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।