প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আজ শনিবার সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন। তাই সিলেটবাসী এখন অধীর আগ্রহে নেত্রীর জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা আজ বেলা ১১টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। সাড়ে ১১টায় সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫১ মেগাওয়াট ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দুপুর সোয়া একটায় তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। দুপুর আড়াইটায় সিলেটের সার্বিক উন্নয়ন সম্পর্কে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা ও জেলা প্রশাসনের সঙ্গে এবং সোয়া তিনটায় সাংসদ ও স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল সোয়া চারটায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন। শিল্প এলাকা ফেঞ্চুগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা সদর, মাইজগাঁও বাজার সার কারখানা, সিলেট-মৌলভীবাজার মহাসড়কে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁর আগমন উপলক্ষে শতাধিক তোরণ নির্মাণ করেছে।