প্রধানমন্ত্রী সিলেট যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সিলেট যাচ্ছেন। একটি নতুন সার কারখানা স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উদ্বোধনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি সফরসূচি অনুযায়ী আজ সকালে ঢাকা থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা মাঠে হেলিকপ্টারযোগে পৌঁছাবেন। সকাল ১০টায় তিনি ফেঞ্চুগঞ্জে ‘শাহ্জালাল ফার্টিলাইজার প্রজেক্ট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে ফেঞ্চুগঞ্জে ৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী সড়কপথে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে সিলেট শিক্ষা বোর্ড ভবন উদ্বোধন করে সিলেট নগরে পৌঁছাবেন। সিলেটে হজরত শাহ্জালাল (রহ.) ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করে প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশনের নতুন ভবন ও সিলেট আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা দুইটায় তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।