প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির সম্মানে রাষ্ট্রপতির ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, গণ্যমান্য ব্যক্তি এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ইফতারে যোগ দেন।
এ ছাড়া রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুলসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও ইফতারে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান।
ইফতারে মন্ত্রিপরিষদ সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিদেশি কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সদস্য, অ্যাটর্নি জেনারেল, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, আইনজীবী, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিল ঘুরে আমন্ত্রিত অতিথির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে বিশেষ মোনাজাত করা হয়।