প্রধানমন্ত্রী হবিগঞ্জ যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার হবিগঞ্জে আসছেন। তিনি বাহুবল উপজেলার মুছাই এলাকায় স্থাপিত গ্যাসের উপজাতকরণ কমেপ্রসার ও রশিদপুর জ্বালানি তেল প্রক্রিয়াজাতকরণ ফ্রাকশনেশন প্ল্যান্টের উদ্বোধন করবেন। সিলেট গ্যাসফিল্ড সূত্র জানায়, বর্তমানে সেখান থেকে প্রতিদিন দুই হাজার ১৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা ও সরবরাহ করা হচ্ছে। এর বিপরীতে গ্যাসের চাহিদা রয়েছে দুই হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। এতে করে ৩৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মুছাই কমেপ্রসার স্টেশন চালু হলে এ ঘাটতির ১৭ শতাংশ কমে আসবে এবং ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে গ্যাস সরবরাহ লাইনে চাপ বাড়বে।এদিকে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রে উৎপাদিত গ্যাসের সঙ্গে যে উপজাত (কনডেনসেট) পাওয়া যায়, তা ফ্রাকশনেশন প্ল্যান্টের মাধ্যমে প্রক্রিয়াকরণের জন্য অর্থাৎ ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন তৈরির জন্য ৪২ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি একটি ফ্রাকশনেশন প্ল্যান্টের কাজ শেষ হয়েছে। এ থেকে প্রতিদিন এক হাজার ২শ’ ব্যারেল তেলজাত পদার্থ প্রক্রিয়াজাত করা যাবে।