প্রধানমন্ত্রী ১২ অক্টোবর চট্টগ্রামে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ অক্টোবর এক দিনের সফরে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ১১টি প্রকল্পের উদ্বোধন এবং একটি সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তৃতা করার কথা রয়েছে। সুধী সমাবেশের আয়োজক হচ্ছে সিডিএ।
সিডিএ সূত্র জানায়, প্রকল্পগুলোর মধ্যে দুটি উড়ালসড়ক, একটি ওভারপাস, ছয়টি সড়ক সম্প্রসারণ, নারী শ্রমিকদের জন্য ডরমিটরি এবং ১০ তলা আবাসিক ভবন রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সিডিএ ৫৬৬ কোটি খরচ করেছে। এ ছাড়া ওই দিন নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ আরেকটি উড়ালসড়কের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে এই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদিত হয়েছে।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘পাকিস্তান আমলের ২৩ বছর এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী ৪০ বছরে এমন উন্নয়ন চট্টগ্রাম নগরবাসী দেখেনি, যা আমরা গত পাঁচ বছরে করেছি। বর্তমান সরকার চট্টগ্রাম নগর উন্নয়নের জন্য আরও কয়েক শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা দিয়ে আমরা বড় আকারের একটি উড়ালসড়কসহ অনেকগুলো প্রকল্পের কাজ শুরু করে দিচ্ছি।’
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ অক্টোবর চট্টগ্রামে এসেই বহদ্দারহাটের আলোচিত উড়ালসড়কের উদ্বোধন করবেন। গত বছর এই উড়ালসড়কের গার্ডার ভেঙে হতাহতের ঘটনা ঘটে।