প্রধানমন্ত্রী ১২ নভেম্বর শিবচরে যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ নভেম্বর মাদারীপুরের শিবচর উপজেলায় আসছেন। ওই দিন তিনি প্রথমে পদ্মা সেতুর সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মাদবরেরচর এলাকায় জনসভায় বক্তৃতা করবেন।
গত বুধবার প্রধানমন্ত্রীর ওই সফরসূচি নির্ধারিত হওয়ার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংযোগ সড়ক এলাকা পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন।
সফরকালে প্রধানমন্ত্রী শিবচর দাদা ভাই উপশহর, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, ইলিয়াছ আহমেঞ্চদ চৌধুরী (দাদা ভাই) পৌর মার্কেট, উপজেলা কমপ্লেক্স ভবন, উপজেলা খাদ্যগুদাম, প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়, শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের ভবন ও পদ্মা নদীর শাখা বিল পদ্মার ওপর নাজেম খাঁ সেতুর উদ্বোধন করবেন।
পদ্মা সেতু-সম্পর্কিত সিসিডিবি (ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ) শিবচর কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরের জাজিরা থেকে মাদারীপুরের শিবচর পাচ্চর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর এ সংযোগ সড়কের প্রাথমিক নির্মাণকাজ শুরু হয়েছে। ব্যয় ধরা হয়েছে এক হাজার ১০০ কোটি টাকা। এ জন্য অধিগ্রহণ করা জমির পরিমাণ ১৪১ দশমিক ৩৮ হেক্টর। কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমেন লিমিটেড। গুণগত মান ঠিক রাখতে সেনাবাহিনী কাজের তত্ত্বাবধান করছে। সড়কের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রায় ৯৯ শতাংশকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
অ্যাপ্রোচ সড়ক এলাকায় গিয়ে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক মেরামত ও অস্থায়ী হেলিপ্যাড স্থাপনের কাজ চলছে। প্রধানমন্ত্রীর সভার জন্য তৈরি হচ্ছে বিশাল মঞ্চ ও তোরণ। মাদারীপুর জেলা প্রশাসক জে এস এম জাফুরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরোদমে প্রস্তুতি চলছে।