প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ও সরকারপ্রধানদের দুই দিনব্যাপী ১০তম আসেম শীর্ষ সম্মেলনে অংশ নিতে ১৫ অক্টোবর ইতালি যাবেন। ইতালির বাণিজ্যিক নগর মিলানে ১৬ ও ১৭ অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর বাসসের।
২০১২ সালে নবম আসেম শীর্ষ সম্মেলনে ৫১তম সদস্য হিসেবে বাংলাদেশ আসেমে যোগ দেয়। ইউরোপীয় ইউনিয়ন ও সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান) সেক্রেটারিয়েটসহ ইউরোপের ২৯ এবং এশিয়ার ২০টি দেশের সঙ্গে এই সংগঠন ভাবের আদান-প্রদান করে থাকে। অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে নৈকট্য গড়ে তোলা হয়।
১৯৯৬ সালে ব্যাংককে আসেম গঠিত হওয়ার পর থেকে প্রতি দুই বছরে পর্যায়ক্রমে এশিয়ায় ও ইউরোপে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর অনুষ্ঠিতব্য এ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই প্রবৃদ্ধি ও নিরাপত্তার ক্ষেত্রে দায়িত্বশীল অংশীদারি’।