প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছানোর আগে তিনি ব্রাসেলসে ২০ ঘণ্টার যাত্রাবিরতি করবেন। সেখানে ইউরোপীয় ইউনিয়নের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তাঁর আলোচনার কথা রয়েছে। আজ মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। ২৩ সেপ্টেম্বর শুরু হবে বার্ষিক সাধারণ আলোচনা। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বার্ষিক সাধারণ আলোচনায় রাষ্ট্র ও সরকারপ্রধানেরা ভাষণ দেবেন।বার্তা সংস্থা ইউএনবি জানায়, ২০ সেপ্টেম্বর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) ওপর অনুষ্ঠেয় এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। ওই দিন দারিদ্র্য, ক্ষুধা ও লিঙ্গসমতার চ্যালেঞ্জ মোকাবিলা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। ২০ থেকে ২২ সেপ্টেম্বর এমডিজি বিষয়ে ছয়টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। একটি অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সভাপতিত্ব করার কথা রয়েছে।শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এমডিজি বিষয়ে স্বল্পোন্নত দেশগুলোর প্রধানদের প্রাতরাশ বৈঠকে যোগ দেবেন। এতে নেপালের সভাপতিত্ব করার কথা রয়েছে। জলবায়ুর ঝুঁকি এবং এমডিজিতে এর প্রভাব শীর্ষক এক আলোচনায় যোগ দেবেন সার্কভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ওই আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। জাতিসংঘ উন্নয়ন তহবিলের কারিগরি সহায়তায় ওই আলোচনার সহ-আয়োজক ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালদ্বীপ। প্রতিটি দেশের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপনের পাশাপাশি দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার দেওয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। ২৭ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৮ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।