প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন। সাধারণ পরিষদের এবারের বিতর্কের মূল প্রতিপাদ্য ‘৭০ বছরে জাতিসংঘ—পদক্ষেপের জন্য নতুন অঙ্গীকার’। প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের মূল আয়োজন ২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্য বা টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) চূড়ান্তভাবে গ্রহণবিষয়ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন। এ ছাড়া শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে ২৮ সেপ্টেম্বর হাই লেভেল সামিট অন পিস অপারেশনে যৌথ সভাপতিত্ব করবেন। ২৯ সেপ্টেম্বর ওবামার উদ্যোগে আয়োজিত লিডার্স সামিট অন কাউন্টারিং আইএসআইএল অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজমে যোগ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ৬০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ ছাড়া একটি ব্যবসায়ী প্রতিনিধিদল নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবে।
প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর এসডিজি-বিষয়ক শীর্ষ সম্মেলনের কর্ম অধিবেশনে বক্তৃতা করবেন। তিনি বক্তব্যে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন এবং এমডিজি অর্জনের সাফল্যের ধারায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার ও প্রত্যয়ের কথা পুনর্ব্যক্ত করবেন। ওই শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে ‘ফস্টারিং সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’, ‘ট্রান্সফরমেশন অ্যান্ড প্রমোটিং সাসটেইনেবল কনসাম্পশন অ্যান্ড প্রডাকশন’ শীর্ষক সংলাপে যৌথ সভাপতিত্ব করবেন।
প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘এমডিজি থেকে এসডিজিতে পরিক্রমা; বাংলাদেশের অভিজ্ঞতা ও প্রত্যাশা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। একই দিনে তিনি যুক্তরাষ্ট্রের বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিব বান কি মুন ছাড়াও বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আলোচনা করবেন। এসব বৈঠকের তারিখ ও সময় চূড়ান্ত করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী সার্ক, ওআইসি, ন্যাম, কমনওয়েলথসহ বিভিন্ন সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।