প্রধানমন্ত্রীই হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান: বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে হাছান মাহমুদ। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে হাছান মাহমুদ। ছবি: জুয়েল শীল

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাপান, ব্রিটেন, ভারত প্রতিটি দেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন প্রধানমন্ত্রী। এখানেও প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন।
আজ বুধবার বিকেলে সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এ কথা বলেন। প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার বিষয় নিয়ে বিরোধীদলীয় নেতাদের বক্তব্যের জবাব দিতে হাছান মাহমুদ এই ব্রিফিং করেন।
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। পার্শ্ববর্তী দেশ ভারত এবং দূরবর্তী দেশ ব্রিটেন, আমরা যাদের কাছে গণতন্ত্র শিখেছি, সমস্ত গণতান্ত্রিক দেশের রীতি অনুযায়ী বাংলাদেশেও আগামী নির্বাচন হবে।’
হাছান মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যপ্রণালি, গঠনপ্রক্রিয়া, নির্বাচন কমিশনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা হতে পারে। আগামীকাল সংসদ অধিবেশন বসবে। সেখানে বিরোধী দল গিয়ে তাদের প্রস্তাব থাকলে দিতে পারে।
বনমন্ত্রী বলেন, ‘আমরা স্পষ্ট বলে দিতে চাই, সংবিধানের বাইরে গিয়ে কিছু হবে না। কারও দলীয় দাবি পূরণের জন্য সংবিধান সংশোধন হবে না।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর রাজনৈতিক ব্যস্ততার কারণে প্রথমে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাবেন না বলে মন্ত্রিসভাকে জানিয়েছিলেন। এ নিয়ে বিএনপি নেতারা যে ভাষায় কথা বলেছেন, তাতে মনে হচ্ছে যে বিরোধী দল ও তার নেতাদের আস্থা দেশের জনগণের প্রতি নেই। তাঁরা বিদেশিদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তাঁরা বিদেশিদের দুয়ারে দুয়ারে ধরনা দিচ্ছেন। তাঁরা তাঁদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করেছেন।’

মন্ত্রী অভিযোগ করে বলেন, ‘এখন প্রধানমন্ত্রী জাতিসংঘে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদসহ যাঁরা বিশ্বনেতাদের মুখোমুখি হতে চান না বলে প্রধানমন্ত্রী যাচ্ছেন না বলে প্রচার করেছেন, এখন তাঁদের “নিজের গালে নিজেরাই থাপ্পড় মেরে” জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত।’

মন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান নিয়ে কথা বলার অধিকার বিদেশিদের নেই। অবশ্যই আমাদের উন্নয়ন সহযোগী এবং মিত্র রাষ্ট্রদের পরামর্শ নেব। কিন্তু কারও দলীয় দাবি পূরণের জন্য সংবিধানে হাত দেওয়া যাবে না।’

১৮-দলীয় জোটকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, ‘সমগ্র বাংলাদেশ তারা দেশে সন্ত্রাস নৈরাজ্য করেছে। এখন বুঝতে পেরেছে দেশের মানুষ তাদের কাছ থেকে দূরে সরে গেছে। আমরা আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। তখন বিরোধীদলীয় নেতা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। ঢাকা শহরে যখন কোরআন শরিফ পুড়িয়ে তাণ্ডব চালানো হয়, তখন বিএনপির নেতা-কর্মীরা গিয়ে তাদের সহায়তা করেন।’

অতীতে বিভিন্ন স্থানে গ্রেনেড ও বোমা হামলার ঘটনার জন্য মন্ত্রী বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেন।

বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিরোধী দলের সঙ্গে আলোচনা বিভিন্ন স্থানে অনানুষ্ঠানিকভাবে হচ্ছে না, তা নয়।

ফেলানী হত্যার বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ‘এই বিচারে আমরা সংক্ষুব্ধ। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর সরকার যা করা উচিত, তা করবে। তবে বিএনপি আমলে সীমান্ত হত্যার কোনো বিচার হয়নি।’