প্রধানমন্ত্রীকে অবশ্যই শত্রু মিত্র চিনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘আবারও মনে হয়, আমরা মানুষ চিনতে ভুল করছি। আপনাকে অবশ্যই শত্রু-মিত্র চিনতে হবে। স্বাধীনতাবিরোধীরা যেভাবে বঙ্গবন্ধুর ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, এখন দেখতে হবে একই ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের দিকে দেশ এগোচ্ছে কি না।’গতকাল সোমবার বিকেলে রাজধানীর শিক্ষা প্রকল্পন ও উন্নয়ন গবেষণা ফাউন্ডেশনে (ফ্রেপড) বঙ্গবন্ধু হত্যা মামলা, সাক্ষীদের জেরা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সুরঞ্জিত এসব কথা বলেন। তিনি বলেন, ‘স্বাধীনতার পর সবাই যেমন বিজয়োল্লাসে মত্ত ছিল, ঠিক তেমনি পরাজিত শক্তির ষড়যন্ত্রও চলছিল। কিন্তু আমরা তখন শত্রু-মিত্র দেখতে পাইনি। আবারও মনে হচ্ছে, আমরা মানুষ চিনতে ভুল করছি।’বঙ্গবন্ধু হত্যা মামলা, সাক্ষীদের জেরা নামের এই গ্রন্থের লেখক সাংবাদিক আবুল হোসেন। আলোচনা অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খানও বক্তব্য দেন।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের নয় মাস আমরা জিয়াউর রহমানের নামও শুনিনি। এই ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখেছি আমরা যদি একবার বঙ্গবন্ধুর কথা বলতাম, উনি বলতেন দশবার। ওনাকেও এখন বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করতে দেখে কষ্টই হয়।’