সফররত কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে আগামী নভেম্বরের শেষ নাগাদ মাল্টায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক ও সংস্থার শীর্ষ সম্মেলন সম্পর্কে অবহিত করেন। খবর বাসস ও ইউএনবির।
সাক্ষাতের পর এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, কমনওয়েলথ মহাসচিব সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে বলেছেন, আসন্ন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও জাতীয় দুর্যোগ কর্মসূচির ওপর বিশেষ অধিবেশনের পাশাপাশি এবারই প্রথমবারের মতো নারী ফোরাম-বিষয়ক অধিবেশন থাকছে। মহাসচিব সম্মেলন ফলপ্রসূ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও অংশগ্রহণ কামনা করেছেন।
সাক্ষাৎকালে কমলেশ শর্মা জানিয়েছেন, কমনওয়েলথ বৈঠকে তরুণদের উগ্রপন্থার প্রতি ঝোঁক ও অভিবাসন ইস্যু মোকাবিলার মতো বিষয় নিয়েও আলোচনা হবে। ৫৩ দেশের এই সংস্থার শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন সংস্থার প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান জোরদারকরণে বাংলাদেশের প্রয়াস সম্পর্কে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের বিকাশমান গণমাধ্যম কীভাবে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে, তা ব্যাখ্যা করেন। এ ছাড়া তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বৈশ্বিক তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।