প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা থেইন সেইন ও সু চির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের পার্লামেন্ট ভবনে  বৈঠকের পর একসঙ্গে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সে দেশের  ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সভাপতি অং সান সু চি। ছবি: ফোকাস বাংলা
মিয়ানমারের পার্লামেন্ট ভবনে বৈঠকের পর একসঙ্গে বেরিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সে দেশের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সভাপতি অং সান সু চি। ছবি: ফোকাস বাংলা

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধী দলের নেতা অং সান সু চির সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির সভাপতি ও শান্তিতে নোবেলজয়ী সু চি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানান।
আজ সোমবার বিকেলে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
পরে প্রধানমন্ত্রী পার্লামেন্ট অফিসে সু চির সঙ্গে দেখা করেন।
এ সময় শেখ হাসিনা সু চির সঙ্গে তাঁর সফরসঙ্গী ও পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন। প্রধানমন্ত্রী আজ কোনো এক সময় মিয়ানমার পার্লামেন্টের স্পিকার শুয়ে মানের সঙ্গেও সাক্ষাত্ করবেন।
দক্ষিণ এশিয়ার সাত দেশের সংগঠন বিমসটেকের তৃতীয় সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দুদিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী মিয়ানমারের রাজধানী নেপিডোতে আছেন। আগামীকাল সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী মিয়ানমারের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে নেপিডো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেকটরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনোমিক কো-অপারেশন) গ্রুপের দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
শীর্ষ সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানেরা গত শীর্ষ সম্মেলনের বৈঠকের পর অর্জিত অগ্রগতি পর্যালোচনা করবেন। তাঁরা সংস্থার যৌথ অঙ্গীকারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় এবং সংস্থার ভবিষ্যত্ দিকনির্দেশনা দেবেন।

শীর্ষ সম্মেলন শেষে ইশতেহার অনুমোদন এবং তিনটি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এগুলো হলো, ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠাসংক্রান্ত সমঝোতা স্মারক, ভারতে আবহাওয়া ও জলবায়ু বিমসটেক সেন্টার প্রতিষ্ঠাসংক্রান্ত সমঝোতা স্মারক এবং ভুটানে বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ কমিশন ও বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ অবজারভেটরি প্রতিষ্ঠাসংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ)।
শীর্ষ সম্মেলনের পর ঢাকায় বিমসেটকের স্থায়ী সচিবালয় কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সরকার সচিবালয়ের জন্য এরই মধ্যে ঢাকায় জমি বরাদ্দ করেছে। বিমসটেকের প্রথম মহাসচিব শ্রীলঙ্কা থেকে হবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের বাইরে ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।