প্রধানমন্ত্রীকে আয়নায় চেহারা দেখতে বললেন তরিকুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আয়নায় নিজের চেহারাটা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন, সেই ভাষায় কথা বলতে বিএনপির চেয়ারপারসন শেখেননি। পরিবার তাঁকে শিক্ষা দেয়নি।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চলাফেরা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম এ কথা বলেন।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত সোমবারের গণসমাবেশ-পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।খালেদা জিয়া কালোটাকা সাদা করেছেন—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তরিকুল ইসলাম বলেন, ‘এগুলো অপপ্রচার। জনগণ তা বোঝে। কালোটাকা আর অপ্রদর্শিত অর্থের মধ্যে পার্থক্য আছে।’সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ ও মো. শাহজাহান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।