প্রধানমন্ত্রীকে ঈদ মোবারক মুক্তামণির
‘প্রধানমন্ত্রীকে তো আর সামনাসামনি বলতে পারব না, তাই এখনই বলি, ঈদ মোবারক’। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, একে একে চিকিৎসকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাল মুক্তামণি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ঈদ কাটবে আলোচিত শিশু মুক্তামণি এবং তোফা ও তহুরার। মুক্তামণির চিকিৎসা শেষ হয়নি। তোফা ও তহুরার বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত।
মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন মুক্তামণি ও তার ভাইবোনদের জন্য জামাকাপড় কিনে এনেছেন বঙ্গবাজার থেকে।
গত ১১ জুলাই থেকে মুক্তামণি বার্ন ইউনিটে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির হাতে প্রথম অস্ত্রোপচার হয়েছে ১২ আগস্ট।
মুক্তামণি বলল, ‘ঈদের দিন বাবা, মা, ভাইবোন সবাই একসঙ্গে থাকব, এটাই ঈদের আনন্দ।’
বন্যার কারণে বাড়ি যেতে পারেনি তোফা ও তহুরা
হাসপাতালের কেবিনে হেসেখেলেই দিন কাটছে তোফা ও তহুরার। গাইবান্ধায় বন্যার কারণে ওরা বাড়ি যেতে পারেনি। ঈদের পরে ওরা বাড়ি যাবে বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক সাহনূর ইসলাম।
গত ১ আগস্ট জোড়া লাগানো যমজ শিশু তোফা ও তহুরাকে অস্ত্রোপচার করে আলাদা করেন চিকিৎসকেরা। পিঠের নিচ থেকে কোমরের নিচ পর্যন্ত পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে জন্মেছিল তোফা-তহুরা।