প্রধানমন্ত্রীকে এম কে অানোয়ারের চ্যালেঞ্জ
প্রধানমন্ত্রীর পদে থেকে নির্বাচনে লড়তে শেখ হাসিনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি বলেছেন, ‘চ্যালেঞ্জ করছি, প্রধানমিন্ত্রত্বে থেকে আমার নির্বাচনী এলাকায় নির্বাচন করুন। আমি দাঁড়াব। পাস করতে পারলে সালাম করে আপনাকে প্রধানমন্ত্রী মেনে নেব।’
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর প্রতি এই আহ্বান জানান এম কে আনোয়ার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা দল ওই আলোচনা সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের জবাবে এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগকে সৃষ্টি করেছেন জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল করে আওয়ামী লীগকে ধ্বংস করেছিলেন।
সম্প্রতি শেখ হাসিনা অভিযোগ করেছিলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে শেষ করে দিতে চেয়েছিলেন।
মহিলা দলের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে আলোচনায় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।
থানায় থানায় বিএনপির বিক্ষোভ: গুম, হত্যা, অপহরণের প্রতিবাদে গত বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠান করতে না দেওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন থানায় গতকাল বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর বিএনপি। বিএনপির ঢাকা মহানগর কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজধানীর ধানমন্ডি, তেজগাঁও, শেরেবাংলা নগর, বাড্ডা, শাহ্ আলী, ডেমরা যাত্রাবাড়ী, শ্যামপুর, কদমতলী, কাফরুল, কলাবাগান, খিলগাঁও, সূত্রাপুরসহ বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল করেন দলের নেতা-কর্মীরা।