প্রধানমন্ত্রীকে কটূক্তি, তিন মাস পর মামলা
খুলনায় বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে তিন মাস পর গত বুধবার সকালে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে একটি মামলা হয়েছে। খুলনার খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি বেগ লিয়াকত আলী এ মামলা করেন।মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ এপ্রিল খুলনায় বিএনপির এক সমাবেশে মহানগর বিএনপির সহসভাপতি শাহারুজ্জামান মোর্তুজা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে সারা দেশে ঘোরানোর কথা বলেন। ওই বক্তব্য মানহানিকর ও হুমকিমূলক উল্লেখ করে স্বতঃপ্রণোদিত হয়ে লিয়াকত আলী ওই সময় খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকারিয়া হোসেনের আদালতে লিয়াকত আলীর অভিযোগের শুনানি শেষে আদালত শাহারুজ্জামান মোর্তুজাকে আগামী ১০ অক্টোবর সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন। অভিযোগ প্রসঙ্গে শাহারুজ্জামান মোর্তুজা বলেন, ‘সমাবেশে সরকারবিরোধী বক্তব্য দিয়েছি। তবে কারও নাম ধরে কোনো কটূক্তি করিনি। আসলে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাকে হেয় করার জন্য ওই মামলা করা হয়েছে।’