প্রধানমন্ত্রীকে কটূক্তি: ফারাবীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হিন্দু ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে কটূক্তি করার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল এর বিচারক শামছুল আলম অভিযোগ গঠন করেন। আদালত আগামী ৫ এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। তবে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১০ সালে তিনি হিযবুত তাহরীরে সক্রিয় হয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৪ সালের ১২ জুন সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি প্রকাশ করেছেন। এ ছাড়া হিন্দু ও বৌদ্ধ ধর্ম নিয়েও নানান কটূক্তি করেছেন। এ অভিযোগে ওই সময় তাঁর বিরুদ্ধে পুলিশ তথ্য প্রযুক্তি আইনে শেরেবাংলা নগর থানায় মামলা করে।
২০১৫ সালের ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ​ রায় হত্যা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন পুলিশ আগের ওই মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখায়। এ মামলায় গত বছরের ২০ আগস্ট শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ তদন্ত করে ফারাবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।