
প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আবার নেওয়ার দাবিতে কাল রোববার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই দাবিতে আজ শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর সংগ্রহ, আলোকচিত্র ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা পুনরায় গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংহতি সমাবেশ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন পুনরায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা গ্রহণ আন্দোলনের সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ।
সমাবেশে সংহতি জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, একজন বিচারপতির সমন্বয়ে কমিটি গঠন করে র্যাব হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যুর ঘটনা তদন্ত করতে হবে।
শিক্ষার্থীদের আন্দোলনকে ন্যায়সংগত অভিহিত করে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, বর্তমানে দেশে অপ্রতিরোধ্য গতিতে ভর্তি জালিয়াতি, প্রশ্নপত্র ফাঁসসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। প্রশ্নপত্র ফাঁস চুরি-ডাকাতির মতো একটি ফৌজদারি অপরাধ। এই অপরাধে জড়িতদের চোর-ডাকাতের মতো শাস্তি দিতে হবে। তিনি বলেন, দ্বিতীয় ফৌজদারি অপরাধ হচ্ছে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের আড়াল করতে যদি র্যাব হেফাজতে ইউজিসি কর্মকর্তার মৃত্যু হয়ে থাকে, তবে সেটি হবে তৃতীয় ফৌজদারি অপরাধ। এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মৃত্যুর আগে ইউজিসির কর্মকর্তা র্যাবের কাছে যে বক্তব্য দিয়েছেন, শিগগির তা জাতির সামনে তুলে ধরতে হবে।
সংহতি সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক হাসিব চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, প্রগতিশীল চিকিৎসক ফোরামের আহ্বায়ক মুজিবুল হক, চিকিৎসক ফয়জুল হাকিম প্রমুখ বক্তব্য দেন।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন গতকাল যুক্ত বিবৃতিতে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বহুদিন ধরে চলে আসছে। এর বিরুদ্ধে সরকার সঠিক ব্যবস্থা গ্রহণ করছে না। দেশব্যাপী যে সর্বগ্রাসী দুর্নীতি চলে আসছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তারই অংশবিশেষ।’
আরও পড়ুন: