প্রধানমন্ত্রীকে খুশি করতে খালেদা জিয়াকে হুমকি ইনুর: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে খুশি করতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।
গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।
বিএনপির অভিযোগ, গত ৪ জুলাই স্বামীবাগের হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এ ধরনের বক্তব্য ‘প্রতিহিংসামূলক’, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও দাগি অপরাধীর’ মতো বলে মন্তব্য করেন রিজভী আহমেদ।
রিজভী আহমেদ বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের রাজনৈতিক ভূমিকা নিয়ে সংসদে দলটির সাংসদের সঙ্গে জাতীয় পার্টির সাংসদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এতে জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী বিব্রত হয়েছেন। সে জন্য জনদৃষ্টিকে দিগ্ভ্রান্ত করতে এবং প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তথ্যমন্ত্রী ঘাতকের তরবারি হাতে নিয়ে বক্তব্য রাখছেন।
বিএনপির এই নেতা বলেন, সারা দেশে সন্ত্রাস-খুনখারাবি চলছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে কিশোরীকে তুলে নিয়ে যাচ্ছে। এর মধ্যে মোসাহেব মন্ত্রীরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে নানা কথা বলে বেড়াচ্ছেন। সমস্ত হিংস্রতা দিয়ে বিরোধী দলের ওপর ঝাঁপিয়ে পড়েও প্রধানমন্ত্রীর প্রতিহিংসার পাখা যখন ছটফট করে, তখন সেই ছটফটানিকে অবাধ ও অবিরাম রাখার জন্য তথ্যমন্ত্রী সেই প্রতিহিংসার আগুনে ঘি ঢেলে দিয়েছেন নানা বাক্যবাণ দিয়ে। এতে তাঁর মন্ত্রিত্বও নিরাপদ থাকে, আর জাসদ নিয়ে শাসকগোষ্ঠীর ক্ষোভকে ভুলিয়ে রাখা যায়।
রিজভী বলেন, আওয়ামী লীগ ও তাদের জোট এখনো বিষোদ্গারের বিষের কলসি। বিষকন্যার বিষকুম্ভ থেকে গরল ধারা পান করে মোসাহেব মন্ত্রীরা নিজেদের চেয়ার রক্ষা করতে চাচ্ছেন। তিনি মন্ত্রীদের সতর্ক করে বলেন, এক ভয়ংকর পরিণতি তাঁদের জন্য অপেক্ষা করছে।