প্রধানমন্ত্রীকে গভর্নরসের চেয়ারপারসন করে পিপিপি বিল পাস
অবকাঠামো নির্মাণসহ সেবা খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিল ২০১৫ (পিপিপি) আজ সোমবার সংসদে পাস হয়েছে। পিপিপি আইন কার্যকর হওয়ার পর একটি কর্তৃপক্ষ গঠিত হবে। কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন হবেন প্রধানমন্ত্রী।
সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী আজ সোমবার বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, পিপিপি আইন কার্যকর হওয়ার পর এ বিষয়ে একটি কর্তৃপক্ষ গঠিত হবে। কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরসের চেয়ারপারসন হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী হবেন বোর্ডের ভাইস চেয়ারপারসন। প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বা প্রতিমন্ত্রী সদস্য হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদাধিকার বলে পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মতিয়া চৌধুরী বলেন, পিপিপি উদ্যোগে বর্তমানে বিভিন্ন খাতে ৪২টি প্রকল্পের বাস্তবায়ন চলছে। দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ জীবন মান উন্নয়নের স্বার্থে ব্যাপক বিনিয়োগ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিলটি আনা হয়েছে।