প্রধানমন্ত্রীকে ছাত্রের চিঠি, ভবন পাচ্ছে বিদ্যালয়
বিদ্যালয়ের সমস্যার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিল পঞ্চম শ্রেণির ছাত্র মো. মাইনুল ইসলাম। তাতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী ওই বিদ্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে দোতলা ভবন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভবনটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। মাইনুল বরগুনার বেতাগীর ৩৪ নম্বর জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, গত ২৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে এসেছিল ওই ছাত্র। সে বক্তৃতায় জাতীয় পর্যায়ে তৃতীয় হয়েছিল। তখনই বিদ্যালয়টির সমস্যার কথা জানিয়ে লিখে আনা চিঠি প্রধানমন্ত্রীর হাতে দেয়। চিঠিতে বলা হয়, বিদ্যালয়টি নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রতিবছর জোয়ারের পানিতে প্লাবিত হয়। আবেদনে শিগগির একটি দোতলা ভবন কাম সাইক্লোন শেল্টার করে দেওয়ার অনুরোধ জানায়।
মন্ত্রণালয় সূত্র জানায়, আবেদন পাওয়ার পর ওই বিদ্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে দোতলা ভবন কাম সাইক্লোন শেল্টার নির্মাণের ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে চিঠি দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। এরপর ভবন নির্মাণের নির্দেশনা দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেয় গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
বরিশালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বিদ্যালয়ে ভবন করে দেওয়া হবে—এমন খবরে ওই ছাত্র ও বিদ্যালয়ের অন্য ছাত্র-শিক্ষকেরা খুশি হয়েছেন।
মাইনুল প্রথম আলোকে বলেছে, ‘আমরা কষ্টে ছিলাম। এখন ভালো পরিবেশে পড়াশোনা করতে পারব। ছাত্র-শিক্ষক সবাই খুশি হয়েছি।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অবিনাশ সরকার বলেন, ‘মাইনুলের এই বুদ্ধিমত্তায় আমরা বিস্মিত।’