ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি বাতিল, ফতোয়া নিয়ে ষড়যন্ত্র বন্ধ এবং প্রস্তাবিত নারীনীতি বাতিলের দাবি জানিয়েছেন আহকামে শরিয়াহ্ হেফাজত কমিটির নেতারা। অন্যথায় প্রধানমন্ত্রীকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তাঁরা।আহকামে শরিয়াহ্ হেফাজত কমিটির ব্যানারে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। আলোচনায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহান বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমি নসিহত করছি। আপনি ভুল পথে চলবেন না। আপনি ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন। জনগণ এসব মানবে না।’বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি জাইনুল আবেদীন বলেন, ‘আপনারা ধর্মহীন শিক্ষানীতি করেছেন। কিন্তু আমরা বাস্তবায়ন করতে দেব না। ফতোয়া কোনোভাবেই বন্ধ হবে না। এই নারীনীতিও বাস্তবায়িত হতে দেওয়া হবে না। এ জন্য প্রয়োজনে রাজপথে রক্ত দেওয়া হবে।’অনুষ্ঠানে মিরসরাইয়ের আবদুল মোমেন নাছেরী প্রধানমন্ত্রীকে ছারখার করে দেওয়ার হুমকি দিয়ে বলেন, ‘আপনার বাবার পরিণতি ভালো হয়নি। বেশি বাড়াবাড়ি করবেন না। তাহলে আপনার পরিণতিও ভালো হবে না।’গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন চট্টগ্রামের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুস সামাদ, আহকামে শরিয়াহ্ হেফাজত কমিটির যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ খান, ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগরের সভাপতি আহমেদ আলী কাসেমী, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি খলিলুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ।