প্রধানমন্ত্রীকে জুড়ীতে দেখতে চান নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ নভেম্বর মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আসছেন। ওই সময় তিনি পাশের উপজেলা জুড়ীতেও আসবেন—এমনটাই প্রত্যাশা আওয়ামী লীগ স্থানীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্থানীয় সাংসদের কাছে তাঁরা জোর দাবি জানিয়েছেন।
জুড়ী উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রী জুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স উদ্বোধন করবেন বলে জানানো হয়। তবে সফরের দিনক্ষণ চিঠিতে উল্লেখ করা হয়নি। পরে ওই সফর বাতিল হয়ে যায়।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী বড়লেখার কাঁঠালতলি বাজার-মাধবকুণ্ড জলপ্রপাত সড়ক, বড়লেখা থানা ভবন, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জুড়ী থানা ভবন নির্মাণকাজের ফলক উন্মোচন করবেন। এ ছাড়া ওই দিন (৯ নভেম্বর) বেলা তিনটায় তিনি বড়লেখা উপজেলা সদরে অবস্থিত পি সি উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বড়লেখায় সফর সফল করতে গত বুধবার জুড়ী উপজেলা পরিষদের মিলনায়তনে প্রস্তুতি সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা কুলাউড়ার ইউএনও শামছুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, জুড়ী থানার ওসি মাহবুবুর রহমান, আওয়ামী লীগের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আজির উদ্দিন, আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি বদরুল হোসেন প্রমুখ।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাংসদ আওয়ামী লীগের বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. শাহাব উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়ে গেছে। তিনি হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরাসরি বড়লেখায় পৌঁছাবেন।