বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, কিছু সাংসদ ও থানার দারোগা এক হয়েছেন প্রধানমন্ত্রীকে ডোবানোর জন্য। এঁদের থেকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন তিনি।বিকল্পধারার কেন্দ্রীয় নেতা লক্ষণ চন্দ্র সেনের ওপর সন্ত্রাসী হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে গতকাল শুক্রবার আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর কুড়িলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।বি. চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘কিছু এমপি ও থানার দারোগা এক হয়েছে আপনাকে ডোবানোর জন্য। এরা বিভিন্ন স্থানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সন্ত্রাস, রাজনৈতিক হয়রানি, দুর্নীতি সবই এরা করছে।’ তিনি বলেন, এঁদের শিক্ষা না দিলে শেখ হাসিনার সরকারের জন্য ওবামার নির্বাচনী ফলাফলের পরিণতি হওয়া বিচিত্র কিছু নয়।সভায় দলের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবু মোজাফফর আহমেদ, আবদুর রহিম প্রমুখ বক্তব্য দেন।