সংসদে অনির্ধারিত আলোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া
প্রধানমন্ত্রীকে ঢুকতে না দেওয়া শিষ্টাচারবহির্ভূত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢুকতে না দেওয়ার ঘটনাকে শিষ্টাচারবহির্ভূত বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সরকারি ও বিরোধী দলের সাংসদেরা। গতকাল রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় তাঁরা বলেছেন, এ অপমান মানবতার।
সাংসদেরা বলেন, খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল বলে বিএনপি থেকে যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তাঁর গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন। তবে তাঁকে ওই কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি।
গতকালের আলোচনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন না।
অনির্ধারিত এ আলোচনার শুরু করেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁকে সমবেদনা জানাতে গেলেন। আমরা আশান্বিত হয়েছিলাম। অথচ তাঁকে ঢুকতে দেওয়া হলো না। এটা শিষ্টাচারবহির্ভূত। ভেতরে মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া তো ছিলেন। তাঁরা তো কথা বলতে পারতেন। এই শিষ্টাচার নিয়ে আমরা কীভাবে রাজনীতি করব।’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অপাত্রে ঘৃত দান করতে নেই। অপাত্রে দান করা অনেক সময় বিপজ্জনক হয়ে যেতে পারে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রাজধর্ম পালন করতে গেলে অনেক কঠোর হতে হয়। সেখানে রাগ-অনুরাগের সুযোগ নেই। বাঙালি বঙ্গবন্ধুকেও ক্ষমা করেনি। যারা ৩৩ জনকে আগুনে পুড়িয়ে মারতে পারে, তাদের কাছে মানবতাবোধ আশা করা যায় না। সে জন্যই বলতে হয়, ‘এমুকের কাজ ওমুকে করেছে...,’ বাকি অংশ আর বললাম না।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘অবাক হয়েছি, ছেলের মৃত্যুর পর তিনি কীভাবে ৩৬ ঘণ্টা হরতাল দিলেন? সন্ত্রাসী কাজে, নাশকতায় আরও অনেক মায়ের কোল খালি হয়ে গেছে। অন্য মায়ের ব্যথা খালেদা জিয়া বুঝতে পারেন বলে আমার মনে হয় না।’
ফজলুল করিম সেলিম বলেন, ‘আরাফাত রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এটা আমাদের সামাজিক রীতি। সন্তানহারা মা অসুস্থ হতে পারেন। অন্যরা তো ছিলেন। শিষ্টাচার থাকলে কেউ এ কাজ করতে পারে না। গেট আটকে দেবে, এ কোন ধরনের আচরণ।’
শেখ সেলিম আরও বলেন, ইনজেকশন দিলে তো সারারাতই ঘুমানোর কথা। অথচ প্রধানমন্ত্রী চলে আসার আধঘণ্টা পর খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন। কোনো চিকিৎসককে তো দেখা যায়নি, কে তাঁকে ইনজেকশন দিল, শিমুল বিশ্বাস দিল?
জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘আপনারা বলেছেন রাজনীতি না করতে। আমরাও বলছি, মরদেহ নিয়ে রাজনীতি করবেন না। মরদেহ আনবেন সৎকার করবেন।’
আলোচনায় আরও অংশ নেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দীপু মনি, ওয়ারেসাত হোসেন বেলাল ও আবু সাঈদ আল মাহমুদ।