প্রধানমন্ত্রীকে দিতে ডিসির কাছে মূল সনদ জমা
চাকরিতে প্রতিবন্ধী কোটা পূরণ না হওয়ায় গতকাল বুধবার মাহাফুজার রহমান নামের এক প্রতিবন্ধী তাঁর শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদ প্রধানমন্ত্রীকে দিতে লালমনিরহাটের জেলা প্রশাসকের (ডিসি) কাছে জমা দিয়েছেন। তবে সে সময় জেলা প্রশাসক না থাকায় তাঁর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল আলম সরকার ওই সনদ জমা রাখেন।
মো. রেজাউল আলম সরকার বলেন, ‘ডিসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে মাহাফুজার রহমানের একটি আবেদনপত্রের সঙ্গে তাঁর শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদপত্র জমা নিয়েছি। প্রশাসনিকভাবে রীতিসম্মত না হলেও একান্ত মানবিক কারণে তাঁর (মাহাফুজারের) আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদপত্র জমা নেওয়া হয়েছে। এ ব্যাপারে যা করণীয় তা ডিসি করবেন।’
এলাকার কয়েকজন বাসিন্দা ও মাহাফুজারের আবেদনপত্র সূত্রে জানা গেছে, সদর উপজেলার রতিপুর গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে মাহাফুজার রহমান। তিনি ২০০৬ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে এমবিএস (ব্যবস্থাপনা) দ্বিতীয় শ্রেণিতে পাস করেন। তিনি ২০১২ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। জেলার পাঁচটি উপজেলায় সর্বমোট ৪৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মধ্যে মাহাফুজার একমাত্র শারীরিক প্রতিবন্ধী হিসেবে মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধী কোটা পূরণ করা হয়নি। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাঁকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়নি।
মাহাফুজার বলেন, প্রতিবন্ধী কোটা পূরণ না হওয়ায় তিনি চাকরি পাচ্ছেন না। তাঁর স্ত্রী নাসরিন নাহারও উচ্চশিক্ষিত। নাসরিন ২০১১ সালে রংপুরের বেগম রোকেয়া কলেজ থেকে এমএসএসে (অর্থনীতি) দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন। তাঁর বা তাঁর স্ত্রীর একটি চাকরি হলে তাঁরা একটু ভালোভাবে বাঁচতে পারতেন। এখন তিনি স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মো. সৈয়দ আলী বলেন, ‘মাহাফুজার জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার ডান হাত ছোট ও ব্যবহার উপযোগী নয়। ছেলেটি বা তার স্ত্রীর একটি চাকরি পেলে আমি মরেও শান্তি পেতাম। মাহাফুজার বাধ্য হয়ে তার শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদপত্র প্রধানমন্ত্রীকে দিতে ডিসির কাছে জমা দিয়েছে।’