প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, মার্কিনের কথা শোনেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে বক্তারা বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। শুরু হয়েছে কেবল। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে এক হয়ে যুদ্ধ করতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন। তাঁরা বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর দুই যুদ্ধাপরাধীদের (সাকা-মুজাহিদ) ফাঁসি কার্যকর না করার জন্য বলেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, তিনি তাদের কথা শোনেননি।

আজ সোমবার বিকেলে পাঁচ বিশিষ্টজনের আহ্বানে নগরের চেরাগি পাহাড় মোড়ে ‘সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক, চট্টগ্রাম’ এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদজায়া মুশতারী শফি, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক রনজিৎ দে, অধ্যাপক মঈনুল ইসলাম ও কবি সাংবাদিক আবুল মোমেন এ সমাবেশের ডাক দেন।
মুশতারী শফি বলেন, কুলাঙ্গার সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে। আপনারা স্বস্তির নিশ্বাস ফেলছেন। সবাই ঐক্যবদ্ধ থাকলে সব কুলাঙ্গার নির্মূল করা সম্ভব হবে। সকলে সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, একাত্তরে এ দেশের জনগণ ছিল সাড়ে সাত কোটি। এখন ১৬ কোটি মানুষের এই দেশ। এখানে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বাসা বেঁধেছে। ১৬ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাজাকার ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার শপথ নিতে হবে।
অনুপম সেন বলেন, সম্প্রতি দুই যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ফাঁসি কার্যকর না করার জন্য বলেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, তিনি তাদের কথা শোনেননি।
অনুপম সেন বলেন, যুদ্ধ শেষ হয়নি এখনো। জামায়াত নয় বিএনপি নয়, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে যেতে হবে। প্রকৃত ধর্ম বিশ্বাসীরা ধর্মান্ধ হতে পারে না, সাম্প্রদায়িক হতে পারে না। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন।
তরুণদের উদ্দেশে অনুপম সেন বলেন, গ্রামে যাও। সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে গিয়ে বোঝাও। মানুষকে জাগিয়ে তুলতে হবে।
মঈনুল ইসলাম বলেন, শত্রু ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে, জামায়াত। আর যারা মুসলিম লীগ থেকে নাম মুছে বিএনপি হয়েছে, যারা রাজনীতি করছে তারা। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডের কথা উল্লেখ করে মঈনুল ইসলাম আরও বলেন, সালাহ উদ্দিন কাদের চৌধুরী স্কুল জীবনে আমার সহপাঠী ছিল। ৭১-এ তার ভূমিকার জন্য আমি আর তার সঙ্গে সম্পর্ক রাখিনি। ৭১-এর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে তাঁর বাবার ফজলুল কাদের চৌধুরীর নামে হল করার উদ্যোগ নিয়েছিল। আমি তখন বলেছিলাম জীবন থাকতে এই হল হবে না। তখন সে আমাকে আরেক শিক্ষকের মাধ্যমে হুমকি দিয়েছিলেন। কিন্তু আমরা প্রগতিশীল শিক্ষকেরা হল করতে দিইনি।
রনজিৎ দে বলেন, বাংলাদেশের মৌলবাদ সাম্প্রদায়িকতার পেছনে বিদেশি সমর্থন এবং অর্থের জোগান রয়েছে। সেই উৎস চিহ্নিত করে তাদের শক্তি খর্ব করা না গেলে জঙ্গিবাদ আরও তীব্র আকার ধারণ করবে। এখনই অর্থের জোগান বন্ধ করতে হবে।
আবুল মোমেন বলেন, ৪৪ বছর পর সাকা চৌধুরীসহ দুজনের মৃত্যুদণ্ড সম্প্রতি কার্যকর হয়েছে। কিন্তু এক বছরে চারজনেরও বেশি মুক্তমনা মানুষকে হত্যা করা হয়েছে। আমরা বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করছি। আর তারা নিজেরা মানুষ হত্যায় নেমেছে। তিনি আরও বলেন, দেশের ভেতর থেকে প্রতিরোধের পাশাপাশি বিদেশি বন্ধুদের সঙ্গেও জঙ্গিবাদ দমনে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন কমরেড শাহ আলম, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, ট্রেড ইউনিয়ন নেতা তপন দত্ত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি এজাজ ইউসুফী, ছাত্রনেতা শিমুল বৈষ্ণব, আল কাদেরী প্রমুখ।
সমাবেশ শেষে একটি মশাল মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।