প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পর ওই ছাত্রকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ শনিবার বেলা একটার দিকে কলা অনুষদের ভেতরে ছাত্রলীগের কিছু কর্মী মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর ওপর চড়াও হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান সেখানে যান। তখন ছাত্রলীগ কর্মীরা প্রক্টরকে জানান, মেহেদী সামাজিক যোগাযোগমাধ্যম ‘ইমো’তে প্রধানমন্ত্রীর একটি ছবি নিয়ে কটূক্তি করেছেন। মেহেদীকে প্রক্টর তাঁর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়। এর পর তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে তাঁকে বিশ্ববিদ্যালয়ের থানায় হস্তান্তর করা হয়।
জানতে চাইলে প্রক্টর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর একটি ছবি নিয়ে কটূক্তির বিষয়টি প্রমাণিত হওয়ায় মেহেদীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মেহেদীর ওপর চড়াও হওয়ার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগের কর্মীরা প্রতিবাদ করেছে।’
এদিকে প্রশাসনের কাছে সোপর্দ করার আগে মেহেদী হাসান দাবি করেন, না বুঝেই তিনি প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মন্তব্য করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ দাশ প্রথম আলোকে বলেন, মেহেদী থানায় আছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।