প্রধানমন্ত্রীকে বালা পরিয়ে দিলেন চা-শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করলেন হবিগঞ্জ জেলার চা-শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার গণভবনে তাঁরা তাঁদের সঞ্চিত অর্থের বিনিময়ে নির্মিত দুটি ‘সোনার বালা’ প্রধানমন্ত্রীর হাতে পরিয়ে দেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খবর বাসসের।হবিগঞ্জের বিভিন্ন চা-বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিকের প্রত্যেকে গত দুই বছর ৫০ পয়সা করে এই অর্থ সঞ্চিত করেন। চা-শ্রমিকেরা প্রধানমন্ত্রীকে একটি মানপত্রও দেন। তাঁরা কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অসহায় ও বঞ্চিত মানুষের জন্য রাজনীতি করি। আমরা যখনই সরকার পরিচালনার দায়িত্ব পাই, আপনাদের জন্য কিছু না কিছু করি। আপনাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের কাজ।’ তিনি চা-শ্রমিক প্রতিনিধিদলের বিভিন্ন সমস্যার কথা মনোযোগসহকারে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে চা-শ্রমিকরা প্রধানমন্ত্রীর সম্মানে সংগীত পরিবেশন করেন।চা-শ্রমিক নেতাদের মধ্যে ছিলেন: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং হবিগঞ্জ আদিবাসী সম্প্রদায়ের সভাপতি স্বপন সাঁওতাল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কাঞ্চন পাত্র এবং লস্করপুর ভ্যালি চা বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি অভিরত বাকচি। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম উপস্থিত ছিলেন।